BDJSO Guidelines

কী পড়বে, কীভাবে পড়বে

Written by

  • Abdul Majid
  • BDJSO National Camper, International Physics Olympiad TST-1 Winner, HSC27, RUMC

তোমাদের অনেকের মনেই প্রশ্ন আছে—বিডিজেএসও-র জন্য কী কী পড়বে, কীভাবে প্রস্তুতি নিবে। এই লেখা থেকে তুমি মোটামুটি একটি ধারণা পেতে পারো। বিডিজেএসও-তে যেহেতু মুখস্থ করে কোনো লাভ হবে না, কাজেই যখন পড়বে তখন বুঝে পড়ার চেষ্টা করবে। বিডিজেএসও-র জন্য নিজেকে প্রস্তুত করতে চাইলে তুমি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারো।

প্রস্তুতির ধাপসমূহ

১ম ধাপ (ছোটোদের জন্য)

প্রথমে নিজেদের ক্লাসের বিজ্ঞান বই শেষ করতে হবে। বোঝার ক্ষেত্রে সমস্যা হলে আশেপাশের বড়দের কাছে কিংবা তোমার শিক্ষকদের থেকে সাহায্য নিতে পারো। ইন্টারনেটে ঘেঁটেও বোঝার চেষ্টা করতে পারো।

প্রস্তাবিত বই:

"দেখা আলো না দেখা রূপ" - মুহম্মদ জাফর ইকবাল

(এই বই প্রবলেম সলভিং-এর জন্য নয়, কিন্তু আলো নিয়ে বিস্তারিত জানতে সাহায্য করবে)

২য় ধাপ (৯ম-১০ম শ্রেণির জন্য)

যাদের নিজেদের ক্লাসের বিজ্ঞান বই ভালোভাবে শেষ হয়ে গিয়েছে, তারা একটু ওপরের ক্লাসের বই পড়া শুরু করতে পারো। নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান, রসায়ন আর জীববিজ্ঞান বইটা বেশ ভালো।

প্রস্তাবিত বই:

"একটু খানি বিজ্ঞান" - মুহম্মদ জাফর ইকবাল

(প্রবলেম সলভিং-এর জন্য নয়, বেসিক ক্লিয়ার করার জন্য)

৩য় ধাপ (একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য)

যাদের নবম-দশম শ্রেণির বিজ্ঞান ভালোভাবে শেষ, তারা একাদশ-দ্বাদশ শ্রেণির বই পড়া শুরু করতে পারো।

  • পদার্থবিজ্ঞান: আমির হোসেন স্যার ও ইসহাক স্যারের বই।
  • রসায়ন: হাজারী ও নাগ স্যারের বই।
  • জীববিজ্ঞান: হাসান স্যারের বই (১ম পত্র) ও আজমল স্যারের বই (২য় পত্র)।

৪র্থ ধাপ (ক্যাম্প ও আন্তর্জাতিক পর্যায়)

এই ধাপে আন্তর্জাতিক বই পড়া শুরু করতে হবে। (বইয়ের তালিকা নিচে দেওয়া হলো)।

মনে রাখবে:

ক্যাম্পের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ৩টা বিষয়ই ভালো পারা আবশ্যক।

ক্যাম্প ও আন্তর্জাতিক পর্যায়ের বই

Physics

  • Conceptual Physics (Paul G. Hewitt)
  • College Physics (Resnick, Halliday, Krane)
  • Sears and Zemansky's University Physics

Chemistry

  • General Chemistry (Raymond Chang)
  • Chemistry (Zumdahl)
  • Chemistry: The Central Science (Zumdahl)

Biology

  • Campbell Biology (Reece, Urry)
  • Biology (Raven, Johnson)

প্রশ্ন সমাধান (Problem Solving)

  • বিডিজেএসও-র ওয়েবসাইটে দেওয়া আগের বছরের প্রশ্নগুলো সমাধান করবে।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পুরোনো প্রশ্ন সমাধান করা।

An Example Problem (BDJSO 2023 National)

Problem: আনাম একটি ঘরের মধ্যে আছে যার দেওয়ালগুলো উপবৃত্তাকার আকৃতির আদর্শ প্রতিফলক দ্বারা তৈরি। এই উপবৃত্তাকার দেওয়ালের বৃহদাক্ষ 200 মিটার ও ক্ষুদ্রাক্ষ 100 মিটার। আনাম উপবৃত্তাকার ঘরটির একটি ফোকাসে দাঁড়িয়ে একটি শব্দ করলো। শব্দের বেগ 300 মিটার/সেকেন্ড হলে শব্দ করার 10 সেকেন্ডের মধ্যে সে কয়টি প্রতিধ্বনি শুনতে পারবে?

Solution:

উপবৃত্তের জ্যামিতিক ধর্ম অনুসারে, এর একটি ফোকাস থেকে উৎপন্ন হওয়া শব্দ বা আলো প্রতিফলিত হয়ে অপর ফোকাসে গিয়ে মিলিত হয় এবং পুনরায় সেখান থেকে প্রতিফলিত হয়ে প্রথম ফোকাসে ফিরে আসে।

  1. আনাম প্রথম ফোকাস (F1) থেকে শব্দ করলে, সেটি দেওয়ালে প্রতিফলিত হয়ে দ্বিতীয় ফোকাসে (F2) পৌঁছাতে মোট যে দূরত্ব অতিক্রম করবে, তা উপবৃত্তের বৃহদাক্ষের (2a) সমান।
  2. এরপর শব্দটি দ্বিতীয় ফোকাস (F2) থেকে পুনরায় দেওয়ালে প্রতিফলিত হয়ে আনামের কাছে অর্থাৎ প্রথম ফোকাসে (F1) ফিরে আসতে আরও 2a দূরত্ব অতিক্রম করবে।

সুতরাং, আনামের কাছে একবার প্রতিধ্বনি ফিরে আসতে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব = 2a + 2a = 4a

দেওয়া আছে:

  • উপবৃত্তের বৃহদাক্ষ, 2a = 200 মিটার
  • শব্দের বেগ, v = 300 মিটার/সেকেন্ড
  • মোট সময়, t = 10 সেকেন্ড

একবার প্রতিধ্বনি শুনতে শব্দকে অতিক্রম করতে হবে 4a দূরত্ব।
অতএব, একবার প্রতিধ্বনির জন্য অতিক্রান্ত দূরত্ব = 2 × 200 = 400 মিটার।

10 সেকেন্ডে শব্দ মোট দূরত্ব অতিক্রম করে = v × t = 300 × 10 = 3000 মিটার।

সুতরাং, 10 সেকেন্ডে আনাম যে কয়টি প্রতিধ্বনি শুনতে পাবে = 3000 / 400 = 7.5

Final Answer:

সে পূর্ণাঙ্গ প্রতিধ্বনি শুনতে পাবে 7 টি।